‘আর কিছুই চাই না, তাকে ফিরিয়ে দিন’
ঢাকা: প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় সভায় বক্তব্য রাখতে গিয়ে সরকারের কাছে স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আকুতি জানান।
বক্তব্য দেয়ার সময় কাঁদতে কাঁদতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুতি জানিয়ে হাসিনা আহমেদ বলেন, “আমার স্বামী নির্দোষ। তাকে ফিরিয়ে দিন আমাদের কাছে। আমার স্বামীকে ফিরিয়ে দেয়া হোক। আমি আর কিছুই চাই না।”
আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে হাসিনা আহমেদ বলেন, “আমরা শতভাগ নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনীই আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। আমি জানতে চাই আমার স্বামীর কি অপরাধ কি? তাকে কি কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে? তার যদি কোন অপরাধ থাকে আদালতে হাজির করে প্রচলিত আইনে তার বিচার করা হোক।”
স্বামীকে ফিরিয়ে পেতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে তিনি আরও বলেন, “আমার নিষ্পাপ সন্তানরা আমার কাছে জানতে চায় তার বাবা কোথায়? কী জবাব দিব আমি আমার সন্তানদের?”
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. সৈয়দ মুহমদ ইব্রাহিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মুহাম্মদ আবু জাফরসহ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








