ইসির উদাসীনতা শঙ্কার: ২০ দল
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার বিষয়ে নির্বাচন কমিশনের উদাসীন ভূমিকা শঙ্কার বলে দাবি করেছে ২০ দল।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ শঙ্কার কথা জানান।
তিনি বলেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসী ও লুটেরাদের অবাধ বিচরণ এবং অবৈধ সরকারের মন্ত্রী, এমপি, প্রার্থী ও সমর্থকদের দ্বারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ সত্বেও নির্বাচন কমিশন কর্তৃক তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে উদাসীনতার কারণেই তিন সিটি করপোরেশনের ভোটার ও নাগরিক সমাজ সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সন্দিহান ও শঙ্কিত।”
সরকারের কাছে ফের আহ্বান জানিয়ে বুলু বলেন, “অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে দেশকে সংঘাত ও নৈরাজ্যের কবলমুক্ত করুন।”
বিবৃতিতে তিনি ২০ দলীয় জোটের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় নেতাকর্মীসহ দেশবাসীকে জোট নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








