দেশের প্রতি খালেদা জিয়ার ভালোবাসা সবাইকে আলোড়িত করেছে: ফখরুল
ছবি: সংগৃহীত
দেশ ও মাটির প্রতি আমাদের নেত্রীর যে ভালোবাসা, তা সবাইকে আলোড়িত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী জাতীয় নির্বাচন দেশের পক্ষের যে শক্তি রয়েছে, তা বিএনপিকে বিজয়ী করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার সঙ্গে ছারছিনার পীর মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ ও মাটির প্রতি আমাদের নেত্রীর যে ভালোবাসা, তা সবাইকে আলোড়িত করেছে। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, কিন্তু দেশ ছেড়ে যাননি।
আরও পড়ুন: প্রতিবেশী দেশগুলোতেও খালেদা জিয়ার পজিটিভ ইমেজ: তৌহিদ হোসেন
তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিকালে যখন বেগম জিয়ার অভিভাবকত্ব সবচেয়ে বেশি দরকার ছিল, সে সময় তার চলে যাওয়ায় দেশবাসী মর্মাহত হয়েছে। এ কারণে জানাজায় সবাই সমবেত হয়েছেন, চোখের অশ্রু ফেলেছেন। তার চলে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কর্তব্য পালন করবেন, এই প্রত্যয় নিয়ে গেছেন দেশের মানুষ।
আগামীতে তারেক রহমানের নেতৃত্বই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করবে— এটি মানুষ বিশ্বাস করে বলে মনে করেন বিএনপি মহাসচিব।
সাক্ষাতে ছানছিনা পীরের সঙ্গে প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মীর্জা নুরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েমে আলা ড. সৈয়দ শারাফত আলী, মজলিসে আমেলার সদস্য মির্জা শোয়েবুর রহমান বেগ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব।
নিউজবাংলাদেশ.কম/এনডি








