প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানালো সর্বস্তরের মানুষ
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজাস্থলে ভোর থেকেই জড়ো হতে শুরু করে সর্বস্তরের মানুষ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে দেখা যায়, লাখো মানুষ চোখের জ্বলে বিদায় দেন প্রিয় নেত্রীকে। উড়ালসড়কের ফার্মগেট লুপ থেকে শুরু করে মহাখালী পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। মানিক মিয়া সড়কে জায়গা না থাকায় আসাদগেট, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর বাসটার্মিনাল পর্যন্ত জনস্রোত দেখা গেছে। জানাজা কেন্দ্র মানবঢল শুধু মানিক মিয়া সড়ক-সংসদ ভবন নয়, আশপাশের এলাকায় জনস্রোত ছড়িয়ে পড়ে।
এর আগে সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়। প্রাথমিকভাবে কথা ছিল তার মরদেহ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়া হবে। কিন্তু পরে তার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়।
সকাল ৮টা ৫৩ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বের করা হয়। সকাল ৯টা ১৬ মিনিটে খালেদা জিয়ার মরদেহ গুলশান-২ এর নর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে প্রবেশ করে।
বাসভবনে মরহুমার কফিনের পাশে কিছু সময় অবস্থান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ৩০ মিনিটে মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। এসময় বাসভবনে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

পরে মরদেহবহনকরী গাড়িবহর রওয়ানা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে।
আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদায় জানাতে লাখো মানুষের ঢল
হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা। দেশের অনেক অঞ্চলে দেখাও মেলেনি সূর্যের। রাজধানীসহ দেশজুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। প্রচণ্ড শীতও আটকাতে পারেনি ষাটোর্ধ হাজী হাসানুর রহমানকে। তিনি মানিকগঞ্জ সাটুরিয়া থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজির হয়েছেন। উদ্দেশ্য প্রিয় নেত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া।
হাসানুর রহমান বলেন, খালেদা জিয়া রাজনীতিবিদ ছিলেন ঠিকই কিন্তু দেশের মানুষের সঙ্গে তিনি কখনও রাজনীতি করেননি। উনার মুখের ভাষা ও অন্তরের ভাষা এক ছিল। আমি জীবনে কোনো দিন ধানের শীষ ছাড়া ভোট দেয়নি।
বুধবার (৩১ ডিসেম্বর) পুরো সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আশপাশের পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। লাখো মানুষ চোখের জলে বিদায় দিচ্ছেন প্রিয় নেত্রীকে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








