নতুন কর্মসূচি নিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ফাইল ছবি
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, রাজধানী ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে সংগঠনটি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় নতুন এই কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেসবুক পেজে লেখা হয়, বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশ্যেই দিল্লীতে বসে ভাষণ দেয়ার মত ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টায় (যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আরও লেখা হয়, আপনারা সারাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন। এছাড়া আগামীকাল রাত ৯ টায় বাংলাদেশের সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠনটির পক্ষ থেকে আরও লেখা হয়, আশারাখি, জুলাই গণঅভ্যুত্থানপন্থি ছাত্র-জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








