News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

আ.লীগ কখনো গণতান্ত্রিক হতে পারবে না: রব

আ.লীগ কখনো গণতান্ত্রিক হতে পারবে না: রব

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন,
রাজাকার যেমন কোনদিন মুক্তিযোদ্ধা হতে পারবে না, তেমনি আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক হতে পারবে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত ‘সাম্প্রতিক  রাজনৈতিক পরিস্থিতি ও মাহমুদুর রহমান মান্না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রব বলেন, “সরকারের বিরুদ্ধে কিছু বললেই তিনি রাজাকার, রাষ্ট্রদ্রোহী, স্বাধীনতা বিরোধী, আর সরকারের সঙ্গে থাকলেই সব ঠিক। দেশে রাজনীতির অবস্থা এমন দাঁড়িয়েছে যে রাজনীতি হয়ে পড়েছে মৃত্যুনির্ভর। রাজনীতি করতে হলে এখন জীবন দিতে হচ্ছে।”

এই সরকারকে অবৈধ সরকার মন্তব্য করে তিনি বলেন, “শেখ হাসিনা বলেছিলেন ৫ জানুয়ারির নির্বাচন ছিলো সংবিধান রক্ষার নির্বাচন। কিছুদিন পর তিনি ফের নির্বাচন দিবেন। কিন্তু তিনি তার কথা রাখেননি।”

এই সরকারের আমলে সিটি নির্বাচন সুষ্ঠ হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, “যে নির্বাচনের প্রার্থী তালিকা প্রধানমন্ত্রী তার বাসভবনে বসে তৈরি করা হয় সেই নির্বাচন সুষ্ঠ হতে পারে না। দেশের মন্ত্রীরা যদি নির্বাচনের আগে যেভাবে কথা বলছে তাতে আমরা কিভাবে বিশ্বাস করবো নির্বাচন সুষ্ঠু হবে?”

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করে তিনি বলেন, “মান্নাকে গ্রেফতার করার একটি মাত্র কারণ তিনি সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।”
    
সংগঠনের কেন্দ্রীয় সদস্য ফজলুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুর মালেক রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমুখ।      

নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়