নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাবিথ
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো প্রচারণায় নেমেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে আম্বর শাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, “বিএনপির সমর্থনের অপেক্ষায় ছিলাম। নিয়ম অনুযায়ী যা যা করণীয় সবই আমি করছি।”
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ বলেন, “ঢাকাকে আন্তর্জাতিকমানের আদর্শ শহরে পরিণত করতে চাই। সেই লক্ষ্যেই কাজ করে যাব। ২০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী আমি, আশা করি সবার সহযোগীতা ও সমর্থন পাব।”
এদিকে প্রচারণা শুরুর আগেই চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে তাবিথকে। কাওরান বাজার এলাকায় তার আগমন উপলক্ষে আগে থেকেই স্থানীয় নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হয়। এক পর্যায়ে তার উপস্থিতিতেই স্থানীয় বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার এবং সাহবুদ্দিন আহমেদের সমর্থকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এসময় উভয় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








