ঘরে থাকলেও নির্যাতনের শিকার হবেন, রাস্তায় আসুন : খন্দকার মাহবুব
ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের প্রতি শেষবারের জন্য হলেও রাস্তায় নেমে আসার আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "ঘরে থাকলেও গ্রেফতার নির্যাতনের শিকার হবেন। তাই শেষবারের জন্য হলেও রাস্তায় আসুন।"
তিনি বলেন, পুলিশ আপনাদের গ্রেফতার করলে বুঝতে হবে আপনাদের প্রার্থীর জয় নিশ্চিত। ঢাকার দুই সিটি কাউন্সিলররা যদি প্রত্যেকে ২০০ জন করে নেতা-কর্মী নিয়ে রাস্তায় নামে তাহলে রাজপথ লোকে ছয়লাভ হয়ে যাবে। সরকারের পতন ঘটতে বাধ্য।
সরকার ক্ষমতায় টিকে থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করে তিনি বলেন, এই বাহিনীর থাকা আর না থাকা একই কথা। আইন শৃঙ্খলা বাহিনী সালাউদ্দিনকে খুঁজে বের করতেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী বলেন, ২৮ এপ্রিলের নির্বাচন যদি ৫ জানুয়ারির নির্বচনের মত হয়, তাহলে সেদিন থেকেই সরকারের পতন শুরু হবে।
সভায় উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, ড্যাবের মহাসচিব ড. এ জেড এম জাহিদ হোসেন জাতীয়তাবাদ সাংস্কৃতিক দলের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এসজে
নিউজবাংলাদেশ.কম








