`খালেদা খোলস বদলালেও বিষ পরিহার করেননি`
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের নামে দম ফেলার কৌশল নিয়েছেন। তিনি সাপের মতো প্রতিনিয়ত খোলস বদলাচ্ছেন। কিন্তু, খোলস বদলালেও তার বিষ পরিহার করেননি।
তিনি খালেদা জিয়াকে `জঙ্গি ও আগুননেত্রী` দাবি করে বলেন, "তার প্রত্যক্ষ মদদে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেকারণে তিনি ক্ষমা চাননি, তওবা করেননি কিংবা অনুতপ্ত হননি।"
বৃহষ্পতিবার বিকেলে তথ্যমন্ত্রী পেট্রল বোমায় নিহত যশোরের নূরুজ্জামান পপলু ও মাইশার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
মন্ত্রী নিহত পপলুর পরিবারের সদস্যদের সাথে বেশকিছু সময় কাটান।
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসায় নূরুজ্জামান পপলুর বাবা রুকুন উদ্দিন ও মা নূরজাহান বেগমসহ শোকার্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, "মানুষ পুড়িয়ে হত্যার দায় থেকে খালেদা জিয়াকে রেহাই দেয়া হবে না। পরিকল্পিতভাবে খালেদা জিয়ার আঁচলের তলে থেকে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে।"
তিনি বলেন, "চৌদ্দগ্রামের ঘটনার সাথে কোনও রাজনৈতিক আপস নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনায় জড়িত প্রায় সকলকে আটক করা হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা হবে।"
মন্ত্রীকে কাছে পেয়ে নূরুজ্জামান পপলুর মা নূরজাহান বেগম বেদনার্ত কণ্ঠে প্রশ্ন রাখেন, "মানুষ হত্যা করে ওদের লাভ হলো? যারা সন্তান, স্বামী হারিয়েছে তাদের কষ্ট কি ওরা শুনতে পারে না?"
সন্তান হারা মায়ের এমন প্রশ্ন বেদনার্ত করে তোলে মন্ত্রীকে।
তথ্যমন্ত্রী বলেন, "হরতাল অবরোধের নামে যাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তারা বীরসেনানী, রাষ্ট্র তাদের সেইভাবেই দেখছে। তাদের সকল সহযোগিতা করা হবে।"
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরিন আক্তার এমপি, সহসভাপতি রবিউল আলম ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। এছাড়াও পপলু ও মাইশার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








