প্রতীকের চেয়ে প্রার্থী বেশি, নতুন প্রতীক ৩০
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে প্রতিকের চেয়ে প্রার্থীর সংখ্যাই বেশি। ১২টি প্রতীকের বিপরীতে মেয়র পদে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছেন প্রায় দ্বিগুণ প্রার্থী। কাউন্সিলর পদেও দেখা দিয়েছে একই সংকট। ফলে সংকট এড়াতে তড়িঘড়ি করে নতুন আরও ৩০টি প্রতীক যুক্ত করতে হয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)। ১০ এপ্রিল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ দেয়ার কথা রয়েছে।
এবারের নির্বাচনে মেয়র পদে ১২টি, সাধারণ কাউন্সিলর পদে ১২টি ও সংরক্ষিত পদে ১০টি প্রতিক সংরক্ষিত ছিল। প্রার্থীরা এগুলোর মধ্য থেকেই পছন্দের প্রতীক পেতে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তবে মেয়র পদে ঢাকায় প্রার্থী সংখ্যা ১২ ছাড়িয়ে গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ পদে ১৯ জন, দক্ষিণে ২৪ জন। কেবল চট্টগ্রাম সিটিতে ১২ জন প্রার্থী রয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে ঢাকা উত্তরে ৪৪৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১৩ জন বৈধ হয়েছেন। ঢাকা উত্তরে সাধারণ কাউন্সিলর পদে ৫৬৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২২ জন। চট্টগ্রামে এ দুই পদে নির্বাচন করবেন ১১৮ জন।
ইসির বিধিমালা ২০১০ অনুযায়ী মেয়র পদে ১২টি, সাধারণ কাউন্সিলর পদে ১২টি ও সংরক্ষিত পদে ১০টি প্রতীক সংরক্ষিত ছিল। তবে প্রার্থী বেড়ে যাওয়ায় নতুন করে আরও ২২টি প্রতীক যুক্ত করেছে ইসি।
ইসির নির্বাচন পরিচালনা বিভাগের উপসচিব সামসুল আলম নতুন প্রতীক সংক্রান্ত বিশেষ চিঠি প্রস্তুত করেছে। বৃহস্পতিবার এ চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে বলে জানা গেছে। নির্ধারিত প্রতীকের অতিরিক্ত প্রতীকের প্রয়োজন হলে ইসিকে অবহিত করতে রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়ে এর আগেও একটি চিঠি পাঠানো হয়। রিটার্নিং অফিসাররা এ বিষয়ে ইসিকে জানালে ১৯ বিধির (৩) উপবিধি অনুযায়ী নতুন ৩০ প্রতীক চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
মেয়র প্রার্থীদের জন্য নতুন যুক্ত হওয়া ১২টি প্রতীক হলো আংটি, ঈগল, কলমদানি, কেক, চিতাবাঘ, জাহাজ, টেবিল, মগ, লাউ, ল্যাপটপ, শার্ট ও সোফা। সাধারণ কাউন্সিলর প্রার্থীদের জন্য বরাদ্দকৃত নতুন ১০টি প্রতীক হচ্ছে ক্যাপ, ক্রিসমাস ট্রি, ঘোড়া, ভায়োলিন, ড্রেসিং টেবিল, প্রদীপ, সূর্যমুখী, স্ট্রবেরি, হেডফোন ও হেলিকপ্টার। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের নতুন প্রতীক হিসেবে রয়েছে ঝুমঝুমি, টিয়া পাখি, দোলনা, প্রেসার কুকার, ফ্রাইং প্যান, বাঁশি, ভ্যানিটি ব্যাগ ও হারমোনিয়াম।
মেয়র পদে সংরক্ষিত প্রতীকগুলো হচ্ছে কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, টেবিল ঘড়ি, টেলিস্কোপ, ডিস এন্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ূর, হাতি ও ইলিশ মাছ। এর মধ্যে অধিকাংশ প্রার্থী ‘ইলিশ মাছ’কে পছন্দের প্রতীক হিসেবে পেতে চায় বলে জানা গেছে।
প্রসঙ্গত, বিধিমালা সংশোধনের পর জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ৬৫টি, উপজেলা পরিষদের জন্য নির্ধারিত ৪৬টি, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য ৩৪টি প্রতীক সংরক্ষণ করে ইসি। এসব প্রতীক অন্য কোনো নির্বাচনে ব্যবহার করা যাবে না।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই
নিউজবাংলাদেশ.কম








