হরতালে গ্রেফতার ৩০০: জামায়াত
ঢাকা: বুধবার শান্তিপূর্ণ হরতাল চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ প্রায় তিনশ লোককে অন্যায়ভাবে গ্রেফতার করেছে বলে দাবি করেছে দলটি।
সরকারকে স্বৈরাচার আখ্যায়িত করে দলটি বলছে, মুহাম্মাদ কামারুজ্জামানসহ জামায়াতে ইসলামী নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করছে সরকার।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দলের পক্ষে এ দাবি করেন।
শফিকুর রহমান বলেন, “সরকারের হামলা, মামলা, গণগ্রেফতার, জুলুম-নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে দুদিন শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল পালন করেছে জনগণ। সরকারের উচিত জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াত নেতাদের ছেড়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “জামায়াত নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করে জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করছে। নেতাদের হত্যা করে কোন আন্দোলনকে কখনো ধ্বংস করা সম্ভব নয়।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








