গুম আতঙ্কের অভিযোগ বিএনপির
ঢাকা: সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীরা গ্রেফতারের পাশাপাশি গুম আতঙ্কে ভুগছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার গণম্যাধমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকত উল্লাহ বুলু এ অভিযোগ করেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকিরকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তাকে গ্রেফতারের কথা স্বীকার করা হয়নি অভিযোগ করে বুলু বলেন, “দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের পথ থেকে পিছপা না হলে দেশ আরো চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে।”
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বর্তমান সরকার গণতান্ত্রিক আচার আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর অতি মাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলশ্রুতিতে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের জীবন যাত্রা এখন চরম হুমকির মুখে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








