News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৫, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৩, ১৭ জানুয়ারি ২০২০

বিএনপি আমাকে সমর্থন দেবে: মাহি বি চৌধুরী

বিএনপি আমাকে সমর্থন দেবে: মাহি বি চৌধুরী

ঢাকা: বিএনপির সাথে কোনো আলোচনা না হলেও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলটি তাকে সমর্থন দেবে বলে আশাপ্রকাশ করেছেন মেয়র পদপ্রার্থী মাহি বি চৌধুরী।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৫ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বিকল্পধারার প্রতিষ্ঠাতা বি চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী বলেন, “বিএনপির সাথে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। তবে আমি আশা করছি, তারা আমাকে সমর্থন দেবে।”

বিএনপির প্রার্থী সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, “তাদের প্রার্থী সংকট হলে আমাকে সমর্থন দিতে পারে।”

তিনি আরো বলেন, “আমরা দুর্নীতিকে সমর্থন করি না। তবে আমি  যখন থেকে মূলধারার রাজনীতি করি তখন থেকেই জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। বিএনপির সাথে না থাকলেও জাতীয়তাবাদী চেতনা এখনো ধারণ করি।”

তিনি বলেন, “তরুণ প্রজন্মের স্বপ্নের শহর আমি বাস্তবায়ন করতে চাই। বিএনপিতে থেকেও তা করা সম্ভব। আমার বাবা বিএনপিতে থেকেও নিজ আদর্শে কাজ করেছেন।”

তিনি আরো বলেন, “নিরাপদ ঢাকা, চলমান ঢাকা এবং আলোকিত ঢাকা, আমরা এ ৩টি ইশতেহার নিয়ে নির্বাচন করতে চাই।”

মাহি বলেন, “ঢাকা উত্তর সিটিতে ৫০ শতাংশ মানুষ মধ্যবিত্ত, ২০ শতাংশের বেশি উচ্চবিত্ত, ১৩ শতাংশ নিচু আয়ের মানুষ এবং ৩ শতাংশ বাস্তুহারা। এখানকার বাসিন্দারা বেশিরভাগ শিক্ষিত। এখানে কাজ করার সুযোগ বেশি। এ কারণে নির্বাচনের জন্য এ অঞ্চলকে বেছে নিয়েছি।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জুবরান গাজী, উপনেতা সারোয়ার মোর্শেদ, নত্রী সিঙ্কনা মোস্তাফিজ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়