মেয়র পদে তাবিথ আউয়ালের প্রার্থিতা বৈধ
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঘণ্টাব্যাপী শুনানি শেষে তাকে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়।
এর আগে সোনালী ব্যাংকের ঋণ খেলাপের অভিযোগে তাবিথের বিরুদ্ধে সমন জারি করা হয়। এ সমনের পরে তার নির্বাচন অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। বাবার পথে হয়তো তাকে হাঁটতে হবে এমন ধারণাও করেন কেউ কেউ।
তাবিথের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। পরে মওদুদ সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকায় তাবিথের নাম নেই। সোনালী ব্যাংক ঋণ খেলাপির অভিযোগে যে আপিল করেছে, তা শুনানীতে খারিজ হয়ে গেছে। সুতরাং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল থাকলো। তাবিথ বৈধ প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন।”
এ বিষয়ে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান বলেন, “সোনালী ব্যাংক যে আপিল করেছে, সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তালিকায় তাবিথের নাম নেই। সুতরাং তার নির্বাচন করতে আর কোনো বাধা নেই।”
শুনানিশেষে ৬ এপ্রিল খালেদা জিয়ার সঙ্গে তাবিথের দেখা করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ম্যাডামের সাথে নির্বাচন সংক্রান্ত কথা হয়নি। অনেকদিন পর তিনি অফিস থেকে বেরিয়েছেন, তাই দেখা করতে গেছি। তার ছোট ছেলে মারা গেছেন, সে বিষয়েও শোক জানিয়েছি।”
মেয়র পদে বিএনপির সমর্থন প্রসঙ্গে কোনো কথা হয়েছে কী না, এমন প্রশ্নে তাবিথ বলেন, “বিএনপির সমর্থন বিষয়ে কোনো কথা হয়নি, কথা বলবোও না।”
কবে থেকে প্রচারণা শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের অনেক প্রার্থী আছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সামনে বাবার শুনানি আছে, সেটা শেষ হলেই আনুষ্ঠানিক প্রচারণায় যাবো। সেটা আপনারা দেখতেই পারবেন।”
এদিকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে পাওয়া তথ্যে এবারের সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ৯৩ জন ঋণ খেলাপির মধ্যে তাবিথ আউয়ালের নাম নেই।
প্রসঙ্গত, মনোনয়ন জমা দেয়ার শেষদিন ২৯ মার্চ মনোনয়ন পত্র তোলেন তাবিথ আউয়াল। সেদিনই তার পক্ষে শহীদুল আলম মনোনয়ন পত্র জমা দেন। তার বাবার মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর বিএনপির সমর্থন পেতে তিনি দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে। তবে উচ্চ আদালত থেকে আবদুল আউয়াল মিন্টু নির্বাচনে বৈধতা ফিরে পেলে তাবিথ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলেও তাবিথের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








