নয়াপল্টনে গ্রেপ্তার আতঙ্কে নেতাকর্মীরা
ঢাকা: দীর্ঘ তিন মাস পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় খুললেও সেখানে আসা যাওয়ার ক্ষেত্রে নেতাকর্মীদের গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকত উল্লাহ বুলু এ অভিযোগ করেন।
তিনি বলেন, “দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুললেও সেখানে আসা যাওয়ার ক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। কেননা তিন দিন আগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুললেও গত তিন দিনে প্রায় ১৩ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পল্টন থানায় যোগাযোগ করা হলে পুলিশ গ্রেফতারের বিষয়ে কিছু জানে না মর্মে বলা হলেও রাজধানীর বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের সন্ধান মিলছে।”
বুলু আশা প্রকাশ করেন, “কার্যালয়টি খুলে দেয়ার পর সরকারের নিকট বিএনপি আশা করে নেতাকর্মীদের গ্রেফতারসহ হয়রানী বন্ধ এবং বিএনপি’র সদর দপ্তরকে নির্বিঘ্নে দাপ্তরিক কাজকর্ম স্বাভাবিক গতিতে চালানোর ক্ষেত্রে নিরাপদ রাখবে।
বিএনপি আশা করে সরকার এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই যুগ্মমহাসচিব বলেন, “সরকার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের নির্বাচনী প্রচার প্রচারণায় অবাধ সুযোগ দেবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারী আতঙ্ক থেকে মুক্ত রাখবে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








