News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৬, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

‘দলীয় প্রার্থী দিতে না পারা বিএনপির দৈন্য’

‘দলীয় প্রার্থী দিতে না পারা বিএনপির দৈন্য’

ঢাকা: সিটি নির্বাচনে বিএনপি মাহী বি চৌধুরীকে সমর্থন দিতে পারে উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, “বিএনপি নিজ দলের প্রার্থী দিতে পারছে না। এটা বিএনপির মতো একটা দলের চরম দৈন্যদশা প্রকাশ করে।”

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখায় দেশবাসী আনন্দিত ও হরতালের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশ ও মানববন্ধনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাহী বি চৌধুরী ভদ্রবেশী শয়তান, তার ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। এছাড়া গণতন্ত্রের শত্রু, পেট্রোলবোমা হামলাকারী এবং ১/১১ এর দুশমনসহ অন্যান্যের ব্যাপারও সকলকে সতর্ক থাকতে হবে।”

আবদুল আউয়াল মিন্টু সজ্ঞানে ভুল করেছেন মন্তব্য করে তিনি বলেন, “তিনি তার ছেলেকে সুযোগ করে দিতেই এটা করেছেন। বাংলাদেশের ইতিহাসে এ রকম ভুল আর কেউ কোনোদিন করেনি।”

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “৯২ দিন হরতাল-অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন। তাদের পিতামাতার কষ্ট আশা করি আপনি বুঝবেন। আপনাকে দেখেছি আপনার ছোট ছেলের কবরের সামনে গিয়ে কাঁদতে। তাই আপনাকে বলবো যারা তাদের সন্তানকে, স্বজনকে হারিয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে ক্ষমা চাইবেন।”

তিনি আরো বলেন, “প্রত্যেকটি হত্যার জন্য, মৃত্যুর জন্য আপনার বিচার হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, প্রত্যেকটি মৃত্যু, হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করুন। এ ব্যাপারে কোনো শৈথিল্য গ্রহণ করা হবে না।”

ঢাকা শহরে যত পেট্রোল বোমা হামলা হয়েছে তার প্রত্যেকটির জন্য মির্জা আব্বাস দায়ী এমন মন্তব্য করে তিনি বলেন, “প্রত্যেকটি বোমা হামলায় তার আর্থিক সমর্থনসহ প্রত্যক্ষ মদদ ছিল।”

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত, কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় আদালতের প্রতি মানুষের আস্থা আরো বেড়েছে। কেউ যদি নির্দোষ হয় তাহলে আদালত তাকে খালাস দেবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী সেলিম, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিক, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়