স্মৃতিসৌধে বঙ্গবীর, এরপর অবস্থান টুঙ্গিপাড়ায়
সাভার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে শান্তিপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে বঙ্গবীর কাদের সিদ্দিকী অবস্থান কর্মসূচি পালন করছেন।
সোমবার রাত আটটায় সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেত্রীকে আলোচনায় বসার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী।
অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী জানান, “জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপিও পেট্রল বোমা মেরেছে, আবার কখনও কখনও সরকার দলীয় এজেন্টরাও পেট্রল বোমা মেরে বিএনপির ওপর দায় চাপাবার চেষ্টা করেছে।”
এ সময় তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলেরই বিশেষ ভূমিকা রয়েছে। তাই প্রধানমন্ত্রীকে অবশ্যই শান্তিপূর্ণ অবস্থানের জন্য আলোচনায় বসতে হবে।”
জাতীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী শতবার ক্ষমতায় এলেও ব্যক্তিগত কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে অবস্থান কর্মসূচি পালনশেষে কাদের সিদ্দিকী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশে.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








