News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৭, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

নির্বাচনে মতলববাজদের প্রতিহত করুন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নির্বাচনে মতলববাজদের প্রতিহত করুন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

ঢাকা: বিএনপিকে মতলববাজ হিসেবে আখ্যায়িত করে সিটি নির্বাচনে তাদের ঠেকানোর জন্য ঢাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।

সোমবার বিকেলে শিশু কল্যাণ পরিষদে গার্ডিয়ান বিডি নিউজের আয়োজনে ‘মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আজকের প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারতে তারা আনন্দ পায় । মতলব ছাড়া তারা কিছু করে না। নির্বাচনে জয় লাভ করে তারা তাদের উদ্দেশ্য পূরণের পথে এগিয়ে যেতে চায়। তাদের উদ্দেশ্য যাতে পূরণ না হয়, সেই জন্য সকলকে সতর্ক থাকত হবে।”

তিনি বলেন, “খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে আশায় ছিলেন, কেউ এসে তাকে ক্ষমতায় বসাবে। খালেদা জিয়া ৩ মাস কার্যালয়ে অবস্থান করেছেন। তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে না নামিয়ে ঘরে ফিরবেন না। তিনি ঘরে ফিরলেন অথচ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারলেন না।”

খালেদা জিয়া গরিব মানুষকে হত্যা করছে উল্লেখ করে তিনি বলেন, “তারা কোনো ধনী মানুষকে হত্যা করে না। তারা হত্যা করে নারী, শিশু ও গরীব মানুষকে। গরীব মানুষের ওপর তাদের রাগ, কারণ তারা ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে।”
 
তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর তারা ২৯ বছর  ক্ষমতায় ছিল, এই সময় দেশ পেছনে গেছে। আর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে স্বীকৃতি পেয়েছে। দেশ যখন নারী, শিক্ষা এবং খাদ্য উৎপাদনসহ সকল ক্ষেত্রে উন্নতির রোল মডেল হয়ে উঠছে। তারা তখন দেশকে অকার্যকর করার জন্য, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য হরতাল-অবরোধ করছে, পেট্রল বোমা মেরে মানুষ মারছে।”
   
গার্ডিয়ান বিডি নিউজ সম্পাদক মণ্ডলির সদস্য ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা আহমেদ উল্লাহ ভূঁইয়া প্রমুখ।

নিউজবাংলাদেশে.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়