দেশের স্বার্থে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে: এরশাদ
ঢাকা: দেশ ও জাতির স্বার্থেই জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার বনানীস্থ কার্যালয় মিলনায়তনে রাজশাহী জেলা জাতীয় পার্টির নেতা ও কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “দেশের মানুষ ২৪ বছর ধরে ২টি দলকে দেখে আসছে। তাদের শাসনে মানুষ আজ দিশেহারা। এই অবস্থা থেকে তারা এখন মুক্তি চায়। একমাত্র জাতীয় পার্টিই সেই মুক্তি এনে দিতে পারে।”
তিনি বলেন, গোটা জাতি এখন পরিবর্তন চায়। পরির্তন ছাড়া উন্নয়ন-শান্তি-সমৃদ্ধি আসতে পারে না। জনগণের প্রত্যাশা পূরণের জন্যেই পার্টিকে সু-সংগঠিত করতে হবে।
এ সময় তিনি প্রত্যেক জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার জন্য জেলা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, ব্যারিষ্টার দিলারা খন্দকার, জেলা নেতা অধ্যাপক আবুল হোসেন, শাহাবুদ্দিন বাচ্চু, মোঃ আব্দুর রাজ্জাক, শামসুদ্দিন রিন্টু ।
পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, মনিরুল ইসলাম মিলন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








