News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

রাজনীতিতে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে

রাজনীতিতে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে কিছুটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে মিথ্যা মামলায় গ্রেফতার মাহমুদুর রহমান ও সেলিম ভূঁইয়াসহ সকল পেশাজীবীর মুক্তির ও মামলা-হামলা-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও পেশাবান্ধব পরিবেশের দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “৩ মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়াটা ইতিবাচক। তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তা এখনও তৈরি হয়নি।”
 
তিনি অভিযোগ করে বলনে, “সরকারি দলের সমর্থক প্রার্থী ছাড়া নির্বাচনী কার্যক্রমে এখনো অন্যান্য প্রার্থী মাঠে নামতে পারছে না। তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সাধারণ নাগরিকরাও নিরাপত্তাবোধ করছে না। সব প্রার্থীর জন্য সমান সুযোগ এবং এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের দাবি করছি।”

গাজী বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ছয় বছরে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ ২৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। গণমাধ্যম বন্ধের কারণে হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে।

তিনি বলেন,  “প্রতিহিংসার কারণে সরকার বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে মামলা দিয়ে গ্রেফতার করেছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে মামলায় জড়িয়ে ন্যাক্কারজনক উদাহরণ সৃষ্টি করেছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদকে পর্যন্ত মামলায় জড়ানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, ড্যাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়