খালেদার শুভবুদ্ধির উদয় হয়েছে: তোফায়েল
ঢাকা: আদালতে গিয়ে আত্মসমর্পণ করায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “আন্দোলনের নামে দেশের ক্ষতির বিষয়টি উপলব্ধি করেই তিনি আত্মসমর্পণ করেছেন। তার শুভবুদ্ধির উদয় হয়েছে।”
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, “দেশটাকে নিয়ে খালেদা জিয়া তিন মাস খেলা করেছেন। হরতাল ও অবরোধ দিয়ে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের আসতে বাধা দিয়েছেন। একুশে ফেব্রুয়ারি অবরোধ রেখেছেন, স্বাধীনতা দিবসে অবরোধ রেখেছেন, ছেলের মৃত্যুর পরেও হরতাল-অবরোধ অব্যাহত রেখেছেন।”
সিটি নির্বাচন দিয়ে বিএনপির এক্সিট পয়েন্ট দেওয়া হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “খালেদা জিয়া কোর্টে গেলেন, নির্বাচনে অংশ নিলেন কিন্তু তাকে কৈফিয়ত দিতে হবে এতগুলো জীবন তিনি কেড়ে নিলেন কেন? দেশের অর্থনীতির ক্ষতি করলেন কেন? বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষতিগ্রস্ত করলেন কেন?”
বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশে জঙ্গি তৎপরতা বন্ধ হয়ে গেছে, নাশকতার খবর নেই, পেট্রাল বোমা হামলাও কমে গেছে। কারণ যারা কাজগুলো করেছে তাদের অনেকেই ধরা খেয়েছেন। সবকিছুই আমার সফলভাবে মোকাবিলা করেছি। ফলে দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








