বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
ফের অতিরিক্ত পুলিশ, জলকামান
ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারো অতিরিক্ত পুলিশ ও জলকামান মোতায়েন করা হয়েছে।
শনিবার রাতে তালা কেটে নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশের পর রোববার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ অবস্থান করতে দেখা যায়।
এর আগে শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ পাহারা সরিয়ে নেয়া হয়। ওইদিন দুপুর থেকে কার্যালয়ের আশপাশে কোনো পুলিশ সদস্য বা কোনো পুলিশ ভ্যান দেখা যায়নি।
রোববার সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া কার্যালয়ের পাশে জলকামান ও এপিসি কার মোতায়েন করা হয়েছে। মূল ফটক তালাবদ্ধ রয়েছে। তবে ভেতরে অফিস স্টাফরা অবস্থান করছেন বলে জানা গেছে।
৯১ দিন পর শনিবার রাতে কার্যালয়ের তালা কেটে বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। এসময় পুলিশ কোনো বাধা দেয়নি।
এর আগে ৩১ মার্চ সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সুযোগ সৃষ্টির জন্য দলীয় কার্যালয় খুলে দেয়ার দাবি জানায়।
উল্লেখ্য, ৩ জানুয়ারি রাতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কার্যালয় থেকে আটক করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে গোয়েন্দা পুলিশ। ওই সময়ই মূল ফটকে তালা দিয়ে কার্যালয়টি সিলগালা করে দেয়া হয়। এরপর সার্বক্ষণিক পুলিশি টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও। এর পর থেকেই অবরুদ্ধ ছিল কেন্দ্রীয় কার্যালয়।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম








