News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৪, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১৫:০৩, ২ ফেব্রুয়ারি ২০২০

রোববার বাসায় ফিরছেন খালেদা

রোববার বাসায় ফিরছেন খালেদা

ঢাকা: অবশেষে তিন মাস পর নিজের ভাড়াবাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সকালে দুর্নীতির দুই মামলায় হাজিরা দিয়েই তিনি বাসায় ফিরবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে রোববার খালেদা জিয়ার হাজিরা দিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও এমন ইঙ্গিত দিয়েছিলেন।

গত ৩ জানুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মুখে গুলশান কার্যালয়ে কিছুদিন অবরুদ্ধ ছিলেন খালেদা জিয়া। পরে তিনি স্বেচ্ছায় সেখানে অবস্থান করেন। কার্যালয় থেকে বের হলে আর প্রবেশ করতে দেয়া হবে না, এমন আশঙ্কা থেকেই তিনি সেখানে অবস্থান করেন। কার্যালয়ে থেকেই আন্দোলন পরিচলানা ও নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৩ সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে কেন্দ্র করে সরকার ও বিএনপির মধ্যে জমে থাকা বরফ গলতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় দীর্ঘ ৯১ দিন পর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পেরেছেন দলের নেতাকর্মীরা। পুলিশ এতদিন ধরে ওই কার্যালয়ে তালা দিয়ে রেখেছিল। শনিবার রাতে তালা কেটে কার্যালয়ে প্রবেশ করেন দলের সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।

খালেদা জিয়া রোববার বাসায় ফিরতে পারেন এমন ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেন, “আমি মনে করি কার্যালয়ে না গিয়ে বাসায় থাকলে আন্দোলনে কোনো প্রভাব পড়বে না, আন্দোলন মোটেই ক্ষতিগ্রস্ত হবে না। উনি যা বলার বা করার তা কি বাসা থেকে করতে পারবেন না?”

কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেনারেল ইব্রাহীম বলেন, “খালেদা জিয়া যেখানেই থাকুন না কেন তার নির্দেশনা এবং নিয়ন্ত্রণ ২০ দলের নেতাকর্মীদের ওপর আছে। তার নির্দেশনা পৌঁছানোর মতো একাধিক পন্থা আছে। আমরা প্রতিনিয়ত নির্দেশনা পেতেই থাকবো।”

খালেদা জিয়া না থাকায় গত ১ মার্চ ফিরোজার সামনে থেকে পুলিশি পাহারা সরিয়ে নেয়া হয়। জানা গেছে, ফিরোজা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।

নিউজবাংলাদেশ/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়