কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন আইনজীবীরা
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে আগামীকাল শনিবার সকালে সাক্ষাৎ করবেন তার আইনজীবীরা।
শুক্রবার বিষয়টি নিউজ বাংলাদেশকে নিশ্চিত করেছেন কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির। তিনি জানান, বৃহস্পতিবার এ বিষয়ে এক আবেদনের প্রেক্ষিতে জেল কর্তৃপক্ষ কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীদেরকে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন।
আগামীকাল সকাল সাড়ে দশটায় কামারুজ্জামানের সঙ্গে যে সব আইনজীবীরা সাক্ষাৎ করবেন তারা হলেন- অ্যাডভোকেট শিশির মো. মনির, এহসান আব্দুল্লাহ সিদ্দিকি, অ্যাডভোকেট মসিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মুজাহিদুল ইসলাম শাহিন।
এ বিষয়ে অ্যাডভোকেট শিশির মনির বলেন, “আমরা (আইনজীবীরা) আগামীকাল শনিবার সকাল সাড়ে দশটায় কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবো। রিভিউ আবেদনের শুনানিসহ অন্যান্য বিষয়ে কামারুজ্জামানের সঙ্গে কথা বলবো। আগামী ৫ এপ্রিল কামারুজ্জামানের আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।”
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ৫৭৯ পৃষ্ঠা সম্বলিত কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেন আপিল বিভাগ। আপিলের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর কামারুজ্জামান সুপ্রিমকোর্টের আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করেন। সে রিভিউ পিটিশনের শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য ছিলো।
পরে ৩১ মার্চ কামারুজ্জামানের প্রধান আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের শারিরিক অসুস্থতার কারণে শুনানি পিছানোর আবেদন করা হলে আদালত আগামী ৫ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেন।
গত বছরের ৩ নভেম্বর তৎকালীন জ্যেষ্ঠ বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে হাইকোর্ট এলাকা থেকে আটক করে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। একই বছর ২ আগস্ট তাকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








