সেনা মোতায়েন চায় জামায়াতও
ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ দাবি জানান।
তিনি বলেন, ‘‘সরকার ও নির্বাচন কমিশনের ওপর দেশের জনগণের কোনো আস্থা এবং বিশ্বাস নেই। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনগণের শঙ্কা কাটছে না। সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য যে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন তা এখনো দেখা যাচ্ছে না। মিথ্যা মামলা, হামলা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ভীতি প্রদর্শন এবং জুলুম-নির্যাতনের ভয়ে ২০ দলীয় জোটের সমর্থিত প্রার্থীগণ জনগণের সামনে হাজির হতে পারছে না এবং খোলা মনে মুক্ত পরিবেশে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ব্যবস্থা করা না হলে সে নির্বাচন জনগণের নিকট গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচনের ১৫ দিন পূর্বে অবশ্যই তিনটি সিটি করপোরেশনে সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন।”
তিনি একই সাথে ২০ দলীয় জোটের প্রার্থীদের হয়রানি বন্ধ করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণগ্রেফতার অভিযান অবশ্যই বন্ধ রাখার দাবি জানান।
শফিকুর রহমান বলেন, “সারাদেশে সরকারের নির্যাতন অব্যাহতভাবে বেড়েই চলেছে। আজও সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় দুইশত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এভাবে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে কখনো ক্ষমতায় থাকা যাবে না।”
তিনি জনগণের উদ্দেশে বলেন,“সরকারের জুলুম-নির্যাতন ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ২০ দলীয় জোটের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








