News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৯, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

‘প্রতিবছর ১ লাখ যুবকের কর্মসংস্থান হচ্ছে’

‘প্রতিবছর ১ লাখ যুবকের কর্মসংস্থান হচ্ছে’

ঢাকা: প্রতিবছর ২৭-২৮ লাখ শিক্ষিত যুবকের মধ্যে এক লাখের কর্মসংস্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার বনানীতে নিজ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। প্রতিবছর ২৭-২৮ লাখ শিক্ষিত যুবক শ্রমবাজারে প্রবেশ করছে। এর মধ্যে এক লাখের মতো যুবকের কর্মসংস্থান হচ্ছে। বাকিরা হতাশায় ভুগে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।”

তিনি আরো বলেন, “অসুস্থ রাজনীতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। মানুষ মরুক আর বাঁচুক সেদিকে কারো খেয়াল নেই। এ অবস্থায় ক্ষমতার মোহে দেশকে ধ্বংস করা হচ্ছে। মানুষকে পুড়িয়ে মেরে এরা ক্ষমতায় যেতে চায়। ধ্বংসের এ রাজনীতির অবসান ঘটিয়ে শান্তি-সমৃদ্ধির রাজনীতি ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই।”

এরশাদ বলেন, “নৈরাজ্য ও সন্ত্রাসের অপরাজনীতির কারণে গোটা দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। ছাত্ররা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছে না। স্কুল-কলেজে যেতে পারছে না।”

তিনি আরো বলেন, “কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা ইয়াবায় আসক্ত হচ্ছে। এরই ফলে যুবশক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। এসব দিকে কারো খেয়াল নেই। তারা শুধু ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় টিকে থাকার মোহে আত্মহারা হয়ে আছে। এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।”

যুব সংহতির সভাপতি অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আবু সাঈদ স্বপন প্রমুখ।

এদিকে, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদকের শূন্য পদে সংগঠনের সহ-সভাপতি এবিএম লিয়াকত হোসেন চাকলাদারকে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, কৃষক পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাশারের আকষ্মিক মৃত্যুতে পদটি শূন্য হয়। এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক লিয়াকতকে এ পদে নিয়োগ প্রদান করেছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়