‘বিএনপি নাচতে জানে না, উঠোন বাঁকা’
ঢাকা: সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির চাওয়া লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ মন্তব্য করেছেন, তাদের অবস্থা হচ্ছে নাচতে জানে না উঠোন বাঁকা।
বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির প্রশাসনিক হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মো. হানিফের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে, তারা নাচতে জানে না, উঠোন বাঁকা। তারা এমন উঠোন চাচ্ছে যেন তারা যেভাবে ইচ্ছা সেভাবে জয়লাভ করতে পারে।”
তিনি আরো বলেন, “বিরোধী দলের সাবেক মন্ত্রী ও নেতারা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন আর সরকারি দলের নেতা-মন্ত্রীরা তা পারবেন না, এটি লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। সরকারি দলের মন্ত্রী-নেতাদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সুযোগ দিলে তবেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।”
হাছান মাহমুদ বলেন, “হরতাল-অবরোধে যারা মানুষ মেরেছে নির্বাচনের নামে তারা অবাধে ঘুরে বেড়াবে, নির্বাচনের সময় সন্ত্রাসী কর্মকান্ড চালাবে এটি লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। যারা সন্ত্রাসী, যারা হরতাল-অবরোধ করে মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবেই তৈরি হবে লেভেল প্লেয়িং ফিল্ড।”
তিনি আরো বলেন, “পাকিস্তানের ইমরান খান তিন মাস রাস্তায় অবস্থান করে যখন দেখলেন তার সাথে কেউ নেই তখন তিনি ঘরে ফিরলেন এবং বিয়ে করলেন। আমরা শুনতে পাচ্ছি কিছু দিনের মধ্যে বেগম খালেদা জিয়া কার্যালয় থেকে বের হবেন। তখন তিনি কী করবেন, তা কে জানে!”
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসময় বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির জন্য সম্মানজনক প্রবেশের সুযোগ। তারা হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও করেছে। এ নির্বাচন তার থেকে মুক্তির বড় একটি সুযোগ।”
বিএনপির উদ্দেশে তিনি আরো বলেন, “আপনারা একদিকে নির্বাচনে অংশ নেবেন অন্যদিকে হরতাল-অবরোধ করবেন, এ ডাবল স্ট্যান্ড নীতি ছাড়ুন।”
ড. এমাজউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আদালত কাকে জামিন দেবে আর কাকে জামিন দেবে না এটি আদালদের এখতিয়ার। তবে কোনো সন্ত্রাসী নির্বাচনে বাধা সৃষ্টি করবে, এটি হতে দেয়া হবে না।”
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, অ্যাড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








