বরগুনায় হিন্দু উচ্ছেদে সরকার জড়িত: বুলু
ঢাকা: বরগুনা জেলার তালতলীর হিন্দু পরিবার উচ্ছেদের ঘটনার সাথে সরকারি দলের লোকজন জড়িত বলে অভিযোগ করেছে ২০ দল।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘‘ইতোপূর্বে ২০১৪ সালে পাবনাসহ দেশের বিভিন্ন জেলাতেও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল ও লুটপাটের ঘটনা ঘটিয়েছিল সরকার দলীয় লোকজন যা পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে সত্য প্রকাশিত হয়েছে। সরকারের লুটেরা প্রবৃত্তির কারণেই আজ দেশের সর্বত্র টেন্ডারবাজি, জমি-নদী-খাল-ডোবা এমনকি সরকারি সম্পত্তিও তাদের দখল ও আত্মসাতের লোভাতুর দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না। প্রতিদিনের সংবাদপত্রে এই সকল ঘটনার খবর নিয়মিত প্রচার ও প্রকাশিত হচ্ছে।”
বিএনপির এ আপদকালীন মুখপাত্র বরগুনা জেলার তালতলীর হিন্দু পরিবার উচ্ছেদের ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত ব্যতিরেকে বিরোধী রাজনৈতিক কর্মীদের দায়ী করা হচ্ছে অথচ এই ন্যাক্কারজনক ঘটনায় সরকার দলীয় লোকজনই জড়িত বলে এলাকাবাসীর দাবি করেছে বলে অভিযোগ করেন।
বুলু বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন বর্তমান লুটেরা ও খুনী সরকার তাদের অপশাসন ও অবৈধ কর্মকান্ডকে জনদৃষ্টির আড়ালে রাখতে জনপ্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী ও নিয়ন্ত্রিত গণমাধ্যমকে ইচ্ছামতো ব্যবহার করে দেশে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে যে কোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটলেই তাতে বিরোধী দলের সম্পৃক্ততার কল্পকাহিনী নির্দ্বিধায় প্রচার করে যাচ্ছে।’’
বুলু বলেন, ‘‘ ঢাকা মহানগরীসহ সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শাসকগোষ্ঠীর ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ব্যবহারের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে; ফলে একের পর এক হত্যাযজ্ঞ সংঘটিত হচ্ছে রাজধানীসহ সারাদেশে। জনগণ আওয়ামী লীগের এই জঘন্য অপশাসন থেকে মুক্তি চায়।’’
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








