ইসি চার চোখ দিয়েও কিছু দেখে না: ইব্রাহিম
ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) চোখে চশমা লাগিয়ে, চার চোখ দিয়েও কিছু দেখে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক)।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বিএনপির যুগ্ন মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জেনারেল ইব্রাহিম বলেন “বর্তমান সরকারি দল সংবিধান বোঝে না, গণতন্ত্র বোঝে না, কোনো নিয়ম মানে না। তারা বলছে তারা যে করেই হোক এই নির্বাচন জিতবে। তাহলে নির্বাচন কমিশন বসে বসে কি করে? এই সব দেখতে পাচ্ছে না। নির্বাচন নিয়ে যেভাবে কারচুপি হয় যেভাবে আইন ভঙ্গ করা হয়, তা সবাই দেখতে পায়। ”
তিনি আরো বলেন “আওয়ামী লীগ এখন সব কিছু দেখেই ভয় পায়। এমনকি তাদের নিজের ছায়া দেখেও ভয় পায়। তার কারণ তাদের অপকর্ম। নিজেদের অপকর্মের কারণে তারা ভীত। তাদের অপকর্মের বিচার হবে।”
সরকারের উদ্দেশ্যে ইব্রাহিম বলেন “তোমরা জীবিত লোকের নিরাপত্তা দিতে পার না। মৃত লোকের নিরাপত্তা দিতে পার না। তাহলে পার কি? সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দায়িত্ব সরকারের।”
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মুহাম্মদ আবু জাফর, রাশেদা বেগম হিরা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবেদুর রহমান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








