News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৬, ৩০ ডিসেম্বর ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দলের মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে এদিন  সকাল ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে, একই দিন সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, নাতনি জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, মেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার বারবার অবনতি ঘটছিল।

উল্লেখ্য, গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া দণ্ড মওকুফ করে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর চলতি বছরের জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও নানা রোগের জটিলতায় তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ খালেদা জিয়ার পাশে ছিলেন যারা

সর্বশেষ ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়