একরাম হত্যা: মিনারের জামিন বাতিল
ঢাকা: ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের জামির আদেশ বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিল।
ফেনী জেলা তাঁতীদলের আহ্বায়ক ও ফুলগাজী উপজেলা নির্বাচনে একরামের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহতাব উদ্দিন চৌধুরী মিনার।
আদালতে মিনারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় ৫৬ জনকে আসামি করে গত বছরের ২৮ আগস্ট অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ।
অভিযোগপত্রে ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, ফেনী পৌর যুবলীগের আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার, বিরিঞ্চি এলাকার পেশাদার অপরাধী মো. সোহেল ওরফে রুটি সোহেল, একাডেমী এলাকার সানীসহ ২৯ জন পলাতক আসামির নাম আছে। এছাড়া অনেকের সঙ্গে মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নামও আছে।
উল্লেখ্য, গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
গত বছরের ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ১২ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।
এ মামলায় পুলিশ ও র্যাব ৩৩ জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে ১৬ জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পলাতক রয়েছেন আরও ২৩ আসামি।
এ মামলায় মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে উচ্চ আদালত জামিন দিলেও গত ১২ মার্চ প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আদেশটি ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে।
নিউজবাংলাদেশ.কম








