আপিলে ‘নো অর্ডার’
প্রার্থিতা ফিরে পাননি মিন্টু
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে গিয়েও কোনো লাভ হয়নি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর। আপিল বিভাগ মিন্টুর আবেদন শুনানির আদেশে ‘নো অর্ডার’ লিখে দেন। ফলে তার আবেদন খারিজ হয়ে হাইকোর্টের আদেশই বহাল থেকে গেলো। ফলে নির্বাচনে দাঁড়াতে পারছেন না এ ব্যবসায়ী নেতা।
মনোনয়নপত্রে সমর্থক হিসেবে স্বাক্ষরকারী ঢাকা উত্তর সিটির ভোটার না হওয়ায় প্রথমে রিটার্নি অফিসারের কার্যালয় মিন্টুর প্রার্থিতা বাতিল করে। পরে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করলে সেখানেও আবেদন খারিজ হয়ে যায়।
এরপর হাইকোর্টে রিট আবেদন করেন মিন্টু। এতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তার মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে রুল চাওয়া হয়। গত সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে মিন্টুর রিট সরাসরি খারিজ হয়ে যায়।
এরপর হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আবদুল আউয়াল মিন্টু। মঙ্গলবার আবেদনটি চেম্বার আদালতে তুললে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
বৃহস্পতিবার আপিল বিভাগ শুনানি শেষে তার এ আবেদনে ‘নো অর্ডার’ লিখে দেন।
এদিন মিন্টুর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ
নিউজবাংলাদেশ.কম








