সিটি প্রার্থীদের আগাম জামিন চায় বিএনপি
ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে নির্বাচনের দিন পর্যন্ত তাদের আগাম জামিন চেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন হাইকোর্টের একটি বেঞ্চে এ আবেদন করেন।
আবেদনের বিষয়ে তিনি বলেন, “বেশ কিছু দিন ধরে হাইকোর্ট আগাম জামিন বন্ধ করে দিয়েছে। সিটি নির্বাচনে মনোনয়ন পাওয়া যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে তারা যাতে নির্বিঘ্নে নির্বাচনের প্রচারণা চালাতে পারেন, সেজন্য তাদের আগাম জামিন দেয়া হোক।”
তিনি জানান, আদালত বলেছেন, যথোপযুক্ত ও সঠিক আবেদন নিয়ে আসেন। আমরা সেগুলো বিবেচনা করে দেখবো।
মাহবুব বলেন, “এর আগে প্রধান বিচারপতির সংবর্ধনায় সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে বলা হয়েছিল, যথাযথ মামলায় আগাম জামিন দেয়া হবে। সেজন্য আমরা হাইকোর্টে বলেছি, আপনারা আবেদনগুলো গ্রহণ করে শুনানি করুন। এরপর যেগুলো আপনাদের কাছে যুক্তিসঙ্গত হবে, সেগুলোতে আগাম জামিন দিন।”
তিনি জানান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে সঙ্গে নিয়ে বিকেলে তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








