রিজভীর রিমান্ড আদেশ কেন অবৈধ নয়
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর রিমান্ড আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতির জাফর আহমেদের বেঞ্চ রোববার এ আদেশ দেন।
আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা জেলার ডিসি, শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এসআইকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে রিজভীর রিমান্ড এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।
গাড়ি পোড়ানোর অভিযোগে রাজধানীর শেরে বাংলানগর থানায় দায়ের করা একটি মামলায় রিজভীকে গ্রেপ্তার করা হয়। এরপর রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ মহানগর হাকিম তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
পরে রিমান্ড আদেশ চ্যালেঞ্জ করে ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে গত ২ জুলাই কোয়াশমেন্ট আবেদন করেন রিজভী।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
এর আগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৭ মামলায় রিজভীকে ২৫ দিন রিমান্ডে নেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








