মুজাহিদ ও সাকার মামলা বুধবারের কার্যতালিকায়
ঢাকা: সুপ্রিম কোর্টের বুধবারের কার্যতালিকায় এসেছে মুজাহিদ ও সাকা চৌধুরীর আপিল আবেদন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় আছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েব সাউটে দেখা গেছে, বুধবারের আপিল বিভাগের কার্যতালিকার দুই নম্বরে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং তিন নম্বরে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি আদেশের জন্য রাখা হয়েছে।
গত বুধবারও তাদের আপিল আবেদন কার্যতালিকায় ছিল।
মহান মুক্তিযুদ্ধে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সে রায়ের বিরুদ্ধে ওই বছরের ১১ আগস্ট আপিল করেন মুজাহিদ।
একাত্তরে চট্রগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এসব অভিযোগ থেকে খালাস চেয়ে টাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৯ অক্টোবর আপিল করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








