খালেদার খনির মামলা আরো ছয় মাস স্থগিত
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলার স্থগিতাদেশের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছেন হাইকোর্ট।
স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি মো. জাফর আহমেদের সমম্বয়ে গঠিত নতুন বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
এ মামলার কার্যক্রম স্থগিতাদেশ এ মাস পর্যন্তই স্থগিত ছিলো।
আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানী করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার জাকির হোসেন ও ব্যারিস্টার এহসানুর রহমান।
আদালত থেকে বেরিয়ে মাহবুব উদ্দিন খোকনসাংবাদিকদের বলেন, “আমরা আদালতে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে সময়ের আবেদন করেছিলাম। আদালত এ মামলার স্থগিতাদেশ আরও ছয় মাস বাড়িয়েছেন।
তবে মূল মামলার কার্যক্রম স্থগিত থাকলেও আদালতের জারি করা রুলের শুনানি চলতেই থাকবে।
বড় পুকুরিয়া মামলা বাতিলের একটি আবেদন এর আগে হাইকোর্টে রায়ের পর্যায়ে এলেও বেগম জিয়ার আইনজীবীরা অনাস্থা প্রকাশ করেন। এরপর বেঞ্চ পরিবর্তনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। এ অবস্থায় গত ৫ এপ্রিল বড়পুকুরিয়া, নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদার চারটি আবেদন প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। তিনি ৮ এপ্রিল বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি মো. জাফর আহমেদের সমম্বয়ে নতুন বেঞ্চ গঠন করে দেন।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








