নূর হোসেন-তারেক সাঈদসহ আসামি ৩৫
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলার চার্জশিট আদালতে দায়ের করা হয়েছে।
বুধবার বিকেলে নৃশংস সেই হত্যাকাণ্ডের ১১ মাস পর মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই চার্জশিট দাখিল করেছেন। পরে আদালত আগামী ১১ মে চার্জশিটের শুনানির দিন ধার্য করেন।
দুটি মামলার অভিযোগপত্রে র্যাবের চাকুরিচ্যুত তিনজন কর্মকর্তা, কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে ১২৭ জনকে সাক্ষী করা হয়েছে। মামলায় ১৬২ ধরনের আলামত উদ্ধার দেখানোসহ মামলায় ১৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের লাশ।
সাত খুনের দুটি মামলায় এ পর্যন্ত র্যাবের ১৭ জন সদস্যসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তারেক মোহাম্মদ সাঈদ, উপ-অধিনায়ক মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এম এম রানাসহ র্যাবের ১৯ জন সদস্য রয়েছেন। বাকি ১১ জন মামলার প্রধান সন্দেহভাজন আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ বা বেতনভুক্ত কর্মচারী। নূর হোসেন বর্তমানে কলকাতার একটি কারাগারে বন্দী।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








