News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

কামারুজ্জামানকে রায় পড়ে শোনানো হয়েছে

কামারুজ্জামানকে রায় পড়ে শোনানো হয়েছে

ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে চূড়ান্ত রায়ের কপি পড়ে শোনানো হয়েছে বলে কারাগার সূত্রে জানা গেছে।

এর আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠানো হয়। সেখান থেকে কপিটি কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, রায়ের এক কপি আইজি প্রিজন, এক কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এক কপি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।

রায়ের কপি পাঠানোর পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতান মাহমুদ সিমন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করবে। জেল কোড বিধান এখানে প্রযোজ্য নয়।”

কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাদের রাজনৈতিক আদর্শ এবং কার্যকলাপ দেখে মনে হয় তিনি ক্ষমা চাইবেন না। অপরাধ স্বীকার করেই ক্ষমা চাইতে হয়। কিন্তু তারা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপরাধ স্বীকার করেননি। এজন্য আমার মনে হয়, তিনি ক্ষমা চাইবেন না।”

বুধবার বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের সহাকারী রেজিস্ট্রার মেহেদি হাসানের কাছ থেকে কামারুজ্জামানের রায়ের কপি গ্রহণ করেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আফতাব উজ্জামান।

এর আগে কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায়ে সই করেন আপিল বিভাগের চার বিচারপতি।

বুধবার বেলা আড়াইটার দিকে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি রায়ে সই করেন।

আদালত সূত্র জানায়, বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী রায়ে সই করেছেন।

গত ৬ এপ্রিল কামারুজ্জামানের রায়ের রিভিউ আবেদন শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়