কামারুজ্জামানের রিভিউ আদেশ সোমবার
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি হয়েছে। সোমবার এ বিষয়ে আদেশ দেয়া হবে।
রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন আদালত।
কামারুজ্জামানের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
এর আগে ১ এপ্রিল রিভিউ শুনানির ধার্য্য দিনে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে ৫ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ৯ মার্চ শুনানির দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ১ এপ্রিল বুধবার দিন ঠিক করে দিয়েছিলেন আদালত।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন। গতবছর ৩ সেপ্টেম্বর আপিল বিভাগ ফাঁসির আদেশ বহাল রাখেন।
তার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশের পর গত ১৯ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানায় জারি হয়।
রিভিউয়ের নির্ধারিত সময়সীমা পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে গত ৫ মার্চ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ৪৫ পৃষ্ঠার এই পুনর্বিবেচনার আবেদন জমা দেয় আসামিপক্ষ, যাতে ৪৪টি যুক্তি দেখিয়ে কামারুজ্জামানের খালাস চাওয়া হয়।
ওই আবেদন জমা দেয়ার পর কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানার কার্যকারিতা স্থগিত হয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








