তারেকের স্ত্রীর মামলা নিষ্পত্তির উদ্যোগ
ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলা হাইকোর্টে পক্ষভুক্ত করতে দুদকের আবেদন গ্রহন করেছেন হাইকোর্ট।
জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে ২০০৭ সালে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক।
বৃহস্পতিবার আবেদনটি মঞ্জুর করেছেন বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ। বুধবার আবেদনটি করা হয়েছিল।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি জানান, আমরা মামলাটি নিষ্পত্তি করতে চাই। কিন্তু ওই রুলের জন্য মামলাটি আটকে আছে। রুল শুনানি করতে হলে পক্ষভুক্ত হতে হয়। তাই আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক কাফরুল থানায় এ মামলা দায়ের করে।
মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








