News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৫, ২৭ ডিসেম্বর ২০২৫

গ্রিসের উপকূল থেকে ১৩১ অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূল থেকে ১৩১ অভিবাসী উদ্ধার

ছবি: সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রার মধ্য দিয়ে আসা ১৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এই নিয়ে গত পাঁচ দিনে ক্রিট উপকূলে সমুদ্র থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৮৪০ জনে পৌঁছেছে।

গ্রিসের কোস্টগার্ড মুখপাত্র জানিয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) সকালবেলায় উদ্ধার হওয়া অভিবাসীরা একটি মাছ ধরার নৌকায় ছিলেন। নৌকাটি ক্রিটের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ গাভদোস থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল। উদ্ধারকৃতদের সবাইকে গাভদোস দ্বীপে নেওয়া হয়েছে। তবে তাদের জাতীয়তা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোর চেষ্টা করা এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বহু অভিবাসীর মৃত্যু ঘটে। চলতি মাসের শুরুতে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ ছিলেন এবং মাত্র দুইজন জীবিত উদ্ধার হন। ডুবে যাওয়া অধিকাংশ অভিবাসী ছিলেন সুদান ও মিসরের নাগরিক।

আরও পড়ুন: ‘নাইজেরিয়ায় মার্কিন বিমান হামলা আইএসের জন্য বড়দিনের উপহার’

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৬,৭৭০ জনের বেশি মানুষ ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে ক্রিট উপকূলে এসেছে, যা গ্রিসের অন্য কোনো দ্বীপের তুলনায় সর্বাধিক।

অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, গত জুলাইয়ে গ্রিসের রক্ষণশীল সরকার তিন মাসের জন্য আশ্রয় আবেদন প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়। বিশেষভাবে লিবিয়া থেকে আগতদের ক্ষেত্রে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়। সরকার জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এটি একান্ত প্রয়োজনীয় ব্যবস্থা।

সূত্র: এএফপি

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়