৯০ হাজার ভক্ত নিয়ে শেষ সিনেমার গান প্রকাশ করলেন থালাপাতি বিজয়
থালাপাতি বিজয়। ছবি: সংগৃহীত
শিশুশিল্পী থেকে তামিল সিনেমার শীর্ষ নায়ক হয়ে ওঠা থালাপাতি বিজয়ের যাত্রা যেন রূপকথার মতো। অভিনয় জীবনের শেষ দিকে তিনি সম্প্রতি নিজের শেষ সিনেমা ‘জন নায়াগান’-এর অডিও গান প্রকাশ করেন, যেখানে উপস্থিত ছিলেন ৯০ হাজার ভক্ত।
শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে আয়োজনটি রীতিমতো উৎসবে রূপ নেয়। আলোকসজ্জায় ঝলমলে স্টেডিয়ামে হাজারো ভক্ত তাঁর সঙ্গে সেলফি তুলতে এবং একনজর দেখতে উপস্থিত হন। অনুষ্ঠানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজয় বলেন, “শ্রীলঙ্কার পর বিশ্বের অন্যতম বড় তামিল জনগোষ্ঠী মালয়েশিয়ায় রয়েছে। আপনারা আমার জন্য দাঁড়িয়েছেন, এ ঋণ শোধ করতে আমি আগামী ৩০-৩৩ বছর আপনাদের পাশে থাকব।” তিনি আরও জানান, ভক্তদের প্রতি দায়বদ্ধতা থেকেই সিনেমা ছেড়ে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি পাবে আগামী ৯ জানুয়ারি। এইচ. বিনোদন পরিচালিত ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়া ছবিতে রয়েছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও মমিতা বাইজুসহ আরও অনেকে। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।
রাজনীতিতেও সক্রিয় বিজয়। নিজের গড়া দল তামিলাগা ভেটরি কাজাগমের প্রথম জনসভায় ইতোমধ্যে তিন লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এখন সেখানেই মূল প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ন: কনসার্ট পণ্ড, যাদের দায়ী করলেন জেমস
রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দানে ভক্তদের ভালোবাসা সঙ্গী করে নতুন অধ্যায়ে পা রাখছেন থালাপাতি বিজয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








