ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতরা সবাই ট্রাকে করে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান।
তিনি জানান, রডবোঝাই ট্রাকটিতে যাত্রীও ছিলেন। ভোরে ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
আহত ৬ জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে অবৈধ পশুর হাট, বাড়ছে নিরাপত্তা শঙ্কা
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








