News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২১, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৩২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

গাজীপুরে নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণার প্রস্তুতিকালে ভয়াবহ এক গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৮ জন কর্মী-সমর্থক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গী বাজারের মেইন রোডে সেনা কল্যাণ গার্মেন্টস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের অধিকাংশেরই বয়স ১২ থেকে ৩৮ বছরের মধ্যে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও কিশোর রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের একজন মো. রবিউল ইসলাম জানান, গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি চলছিল। তখন একটি ঘরের ভিতরে রাখা গ্যাস বেলুন বের করার সময় বিস্ফোরণ ঘটে। এতে আমাদের ১৮ জন কর্মী ও সমর্থক দগ্ধ হন।

আহতদের মধ্যে রয়েছে অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।

আরও পড়ুন: যৌথ অভিযানে ফরিদপুরে পুকুরের তলদেশে গোপন অস্ত্রভাণ্ডার উদ্ধার

দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

হাসপাতালে উপস্থিত আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের সবার ড্রেসিং চলছে। বর্তমানে দগ্ধের পরিমাণ বা অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।

প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণ ঘটে একটি ঘরের মধ্যে রাখা গ্যাস বেলুন বের করার সময়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

এই দুর্ঘটনা নির্বাচনী প্রচারণার প্রস্তুতিকে ব্যাহত করেছে এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়