তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, টানা ৯ দিন ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা
ছবি: সংগৃহীত
হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। উপজেলায় টানা নয় দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করায় শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ। এর আগের দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে কয়েক দিন ধরে হিমালয়ের হিমেল বাতাসের প্রভাব অব্যাহত রয়েছে। সকালবেলা সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ পাওয়া যাচ্ছে না। রাত ও ভোরে ঠান্ডার তীব্রতায় গ্রাম-গঞ্জের মানুষ গরম কাপড় পরিধান করে বাইরে বের হচ্ছেন। তবে গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
দিনের বেলায় রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। প্রতিদিনই চিকিৎসা নিতে আসছেন অসংখ্য রোগী। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে হোটেল কক্ষে জাপা নেতার মরদেহ উদ্ধার
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, “গত এক সপ্তাহের বেশি সময় ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








