রমজানে উপলক্ষে বিনা লাভে পণ্য বিক্রি করছেন চাঁদপুরের শাহ আলম
ছবি: সংগৃহীত
পবিত্র রমজানকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলেও বাংলাদেশে প্রায়ই দেখা যায় উল্টো চিত্র। রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেন, যার ফলে ভোগান্তিতে পড়েন নিম্ন ও মধ্যআয়ের মানুষ। তবে এ বাস্তবতার মধ্যেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের ব্যবসায়ী শাহ আলম।
জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের বাসিন্দা শাহ আলম রমজান উপলক্ষে পণ্য কেনা ও পরিবহন খরচ বাদ দিয়ে বিনা লাভে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন। তার এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। চরকুমিরা চালতাতলা সুপার মার্কেটে অবস্থিত তার দোকানে রমজানের আগাম কেনাকাটায় ভিড় করছেন স্থানীয়রা।
মুড়ি, ছোলা (বুট), খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়াসহ বিভিন্ন মুদি পণ্য তিনি বিনা লাভে বিক্রি করছেন। ক্রেতাদের সুবিধার্থে দোকানে পণ্যের মূল্যতালিকাও টানিয়ে দিয়েছেন।
স্থানীয়দের দাবি, গত তিন বছর ধরেই রমজান মাসে একইভাবে পণ্য বিক্রি করছেন শাহ আলম। ফলে এলাকার গরিব, দুস্থ ও মেহনতি মানুষ উপকৃত হচ্ছেন। প্রতিদিন তার দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
শাহ আলম বলেন, এলাকার গরিব ও অসহায় মানুষের কথা চিন্তা করেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, রমজানে বিনা লাভে পণ্য বিক্রির উদ্যোগ প্রশংসনীয়। এতে অসচ্ছল মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন: সিলেটে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
রমজানে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে শাহ আলমের মতো উদ্যোগ অন্য ব্যবসায়ীদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করছেন ভোক্তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








