নারায়ণগঞ্জে সেলুনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের ছিদ্র (লিকেজ) থেকে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি সেলুনের নরসুন্দর ও পথচারী শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন ‘মিন্টুর সেলুনে’ এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টম মোড় পর্যন্ত সড়কের বাম পাশে মাটির নিচে থাকা তিতাস গ্যাসের সংযোগ পাইপে লিকেজ রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই লিকেজ থেকে বের হওয়া গ্যাস সেলুনে জমে বিস্ফোরণের কারণ হয়েছে।
বিস্ফোরণের ফলে সেলুনের মালিক নরসুন্দর মিন্টু ও পাশের পথচারী শিশুসহ মোট ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ৩০
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দগ্ধদের মুখ, চুল এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক আতিকুর রহমান জানান, বিভিন্ন স্থানে দীর্ঘদিনের পুরনো পাইপ লাইনের লিকেজ মেরামতের কাজ চলমান আছে। আজকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। তবে নির্বাচনের দায়িত্বে আমাদের বেশিরভাগ কর্মকর্তা গতকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ছিলেন, ফলে জনবল সাময়িকভাবে কম ছিল। তারপরেও আমরা বিষয়টি মেরামতের চেষ্টা করছি।
স্থানীয়রা আশঙ্কা করছেন, অবহেলা বা সময়মতো লিকেজ মেরামত না হওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
তারা দাবি করেছেন, পাইপ লাইনের লিকেজ দ্রুত মেরামত না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








