News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের আগে নেত্রকোনায় ৪ ভোটকেন্দ্রসহ ৫ বিদ্যালয়ে আগুন

ভোটের আগে নেত্রকোনায় ৪ ভোটকেন্দ্রসহ ৫ বিদ্যালয়ে আগুন

ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় চারটি ভোটকেন্দ্রসহ মোট পাঁচটি বিদ্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এসব প্রতিষ্ঠানের বুথ কক্ষে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। 

নির্বাচন সংশ্লিষ্টদের ধারণা, ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতেই পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া উচ্চবিদ্যালয়েও আগুন দেওয়া হয়েছে, যদিও এটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে না।

আরও পড়ুন: গাজীপুরে নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বুথ কক্ষ লক্ষ্য করে আগুন ধরিয়ে দেয়। এতে শ্রেণিকক্ষের বেঞ্চ, সিলিং ফ্যান ও বৈদ্যুতিক লাইটসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিদ্যালয়গুলো।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, গোয়েন্দা শাখাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। 

পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়