News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:২২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ২৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী গণমাধ্যমকে বলেন, চিকিৎসকরা সকালে হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে। আমার ভাতিজির জন্য সবাই দোয়া করবেন।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দুই দিন পর মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলি অপসারণে সম্ভাবনা না থাকায় উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানিয়েছিলেন, অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে গুলি বের করা সম্ভব হয়নি; তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়েছিল।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ বেড়েছে। মংডু টাউনশিপের আশপাশে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে সরকারি বাহিনী বিমান হামলা জোরদার করেছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের কারণে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং ওপারের গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে।

টেকনাফের বিভিন্ন এলাকায় গোলার শব্দে ঘরবাড়ি কেঁপে উঠছে, ছোড়া গুলি লোকজনের বসতঘর, চিংড়িঘের ও নাফ নদীতে পড়ছে। হুজাইফার মৃত্যু সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন: শাহবাগে দফায় দফায় সংঘর্ষ, প্রার্থীসহ আহত অন্তত ৫০

শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন এবং হুজাইফার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়