টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণায় হামলা, ৩ শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তিন শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ২টার দিকে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের ২০–২৫ জন সমর্থক একটি মিনিট্রাক (ডাম্পার) থেকে আলীখালী এলাকায় সড়কে অবস্থান নিয়ে স্লোগান ও নাচগান করছিলেন। এ সময় সেখানে উৎসুক জনতার ভিড় জমে।
হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আশপাশে থাকা পাঁচজন গুলিবিদ্ধ হন। আকস্মিক গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করে।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
আহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচামিয়া (৪৫), ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের কন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), আলীখালীর পার্শ্ববর্তী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) এবং ডি-৪ ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেকোরেশন শ্রমিক বাচামিয়া জানান, আলীখালীর মোহাম্মদ মিয়ার বাড়ির পাশে একটি বিয়ের সাজসজ্জার কাজে ছিলেন তিনি। কিছু দূরে বিএনপির একটি প্রচারণা গাড়ি থেকে গান বাজছিল। হঠাৎ গুলির শব্দ শুনে প্রথমে তিনি ভেবেছিলেন এটি বারুদের শব্দ। পরে দেখেন তাঁর হাতে গুলি লেগেছে।
বাঁ পায়ে গুলিবিদ্ধ আব্দুর রহমান বলেন, নামাজ শেষে সড়কের পাশে একটি দোকানে দাঁড়িয়ে নির্বাচনি প্রচারণা দেখছিলেন। এ সময় গুলির শব্দ শুনে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুলিবিদ্ধ দুই শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। রাফির মা ছমিরা বেগম জানান, তিনি কন্যাকে নিয়ে সড়কের পাশে একটি ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ রাফির পিঠে দুটি গুলি লাগে। অন্যদিকে শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অতর্কিত হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, বিএনপি মনোনীত প্রার্থীর একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম হয়। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ উপস্থিত জনতার ওপর গুলি চালায়।
হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








